রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান আজ বৃহস্পতিবার সকালে চরচাকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার বিকেল ৪টায় তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।
হাবিবুর রহমান বলেন, ‘‘গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা একটি মরদেহ দেখে জাতীয় জরুরি সেবা নম্বরে কল দেয়। পরে আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। যেহেতু নদীতে মরদেহ ভেসে উঠেছে, সেজন্য আমরা তুরাগ নৌপুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।’’
বুধবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয় বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তার মরদেহ। ছবি: সংগৃহীত
নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সাংবাদিকদের জানান, মরদেহের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া যায়। সেই মোবাইলের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করা হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাহসিফের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা হাবিবুর জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
হাবিবুর রহমান বলেন, এই ঘটনায় যদি কোনো মামলা হয় তা উত্তরখান থানায় হবে। কিন্তু তদন্ত এবং বাকি প্রক্রিয়া চালাবে নৌ-পুলিশ।