খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামে এক ভাড়াটিয়ার মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ রোরবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিবুল ইসলামের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর বসুপাড়া বকুলতলা শতরূপার মোড়ে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ির মালিক মজলিস খান তার হাতে থাকা লাঠি দিয়ে ভাড়াটিয়ার মাথায় আঘাত করে। এতে রকিবুল আহত হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোনাডাঙ্গা থানার এএসআই আল মিরাজ খান চরচাকে বলেন, “মৃত ভাড়াটিয়ার মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
মিরাজ খান বলেন, বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।