নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে একে একে চিকিৎসাধীন চারজনই মারা গেছেন। সবশেষ আজ শুক্রবার সকালে ১৯ বছর বয়সি রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ৯ অক্টোবর রাত দেড়টার দিকে কাঁচপুর এলাকায় একটি আবাসিক ঘরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। তাতে শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) ও রনি (১৯) দগ্ধ হন।
দুর্ঘটনার পর থেকেই তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার বিকেলে চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
মাহমুদ শিকদার জানান, আগুনে রোজিনার শরীরের ৬০ শতাংশ, তার স্বামী শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে গ্যাস লিকেজ হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।