Advertisement Banner

কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা হচ্ছে: জামায়াত আমির

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা হচ্ছে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি: ফেসবুক থেকে নেওয়া

বেশ কিছু আসনের ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্বের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান।

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বলেন, “কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা হচ্ছে। এমনকি ঢাকা ৮ আসন এখনো ঝুলে থাকবে কেন, সেখানে কী হচ্ছে? এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না।”

জামায়াত আমির বলেন, “এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতে আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। আমরা বুঝতে পারছি না এটা কেন?”

আমিরের অভিযোগ করেন, “ওয়েবসাইটে কে কয়টা আসন পেয়েছে সেটা দেওয়া হলো, মাঝখান থেকে উধাও হয়ে গেলো, আবার নাই। আমাদের লোকদের বসিয়ে রাখা হলো দীর্ঘসময়। এই একটু আগে ১০টা ১২টা কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।”

নির্বাচন কমিশনের প্রতি দ্রুত পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে তারা ১৩ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল জানাবে। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি, তারা দেন কি না। যদি দিয়ে থাকেন ভালো। না দিলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করবে।”

জামায়াতের শীর্ষ নেতা বলেন, “একটা নির্বাচন যখন হবে, সবাই জিতবে না। কেউ জিতবে, কেউ হারবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। আমাদের কিছু অবজারভেশন আছে যেগুলো আমরা জাতির সামনে তুলে দেওয়ার পক্ষে। যেন ভবিষ্যতে একই অন্যায়ের বা সীমা লঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে।”

এই সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখে নিজেদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গী প্রকাশ করার কথা জানান তিনি।

সম্পর্কিত