Advertisement Banner

কাউকে চাঁদাবাজি করতে দেব না: জামায়াত আমির

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
কাউকে চাঁদাবাজি করতে দেব না: জামায়াত আমির
জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। ছবি: চরচা

চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান।

আজ শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি বলেন, “জামায়াত কখনো চাঁদাবাজি করেনি এবং কাউকে করতেও দেবে না।”

তিনি বলেন, ”৫ আগস্টের পর আমরা স্ট্যান্ডবাজি মাললা বাণিজ্য না করে সারা দেশের মানুষের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হিসেবে কাজ করেছি। আমরা থাকলাম এইদিকে পরে, আরেক দল নেমে গেল নিজেদের কিসমত বানাতে।”

শফিকুর রহমান আরও বলেন, ”আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেওয়া হবে।”

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান তুলে ধরে তিনি বলেন, ”বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে আর ছোট অপরাধীরা শাস্তি পাবে- এটি অন্যায়। দুর্নীতির জড় ও মূল ধরেই ব্যবস্থা নিতে হবে।”

বিগত সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের প্রসঙ্গ তুলে ধরে এই নেতা বলেন, ”গত সাড়ে ১৫ বছরে ব্যাংক, বিমা ও মেগা প্রকল্পের নামে জনগণের অর্থ লুট করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা, যা চারটি জাতীয় বাজেটের সমান।”

দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ”জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত দল। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলের ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।”

৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি বলেন, ”সরকার পতনের পর জামায়াত প্রতিশোধের রাজনীতিতে যাবে না। তবে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং তাদের আইনি সহায়তা দেওয়া হবে।”

নারী ও যুবকদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ”বেকার ভাতা দিয়ে নয়, কর্মসংস্থানের মাধ্যমে যুবকদের সম্মান নিশ্চিত করতে চায় দলটি।” নারীদের নিরাপত্তা, মর্যাদা ও সম্মান শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

সম্পর্কিত