Advertisement Banner

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমান নিখোঁজ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমান নিখোঁজ
বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমান। ছবি: সংগৃহীত

নিখোঁজ রয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমান। রোববার দুপুরে তিনি তার অফিস থেকে বের হন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

মোবাইল ট্র্যাকিং অনুযায়ী, রাজধানীর সায়েদাবাদ এলাকায় ওইদিন দুপুর ১২টা ৫৩ মিনিটে সর্বশেষ তার অবস্থান শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।

রোববার সকালে নাঈম রহমান অফিসে যান। দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বেরিয়ে যান। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি এক সহকর্মীকে একটি বার্তা পাঠান, যেখানে ছোট বোনের জন্য চাকরির অনুরোধ জানিয়ে লিখেছিলেন— ‘এটাই হয়তো আমার শেষ চাওয়া।’

সহকর্মীদের বরাতে জানা গেছে, নাঈম রহমান দায়িত্বশীল ও শান্তস্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে সম্প্রতি কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, ‘‘আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তার মা, স্ত্রী, কন্যা ও ছোটবোন এখন উদ্বেগে অপেক্ষা করছেন তার জনয়। কেউ যদি তার কোনও খোঁজ পান, অনুগ্রহ করে কাছের থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।’’

এদিকে, নাঈম রহমানের নিখোঁজে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য যাতায়াত পথ ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

সম্পর্কিত