রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
আজ বুধবার সকাল ১০টার দিকে মিরপুর ১০ থেকে ১৪ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।
প্রত্যক্ষদর্শীরা জানান, হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।
এ সময় হকারদের হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। তবে ক্ষয়ক্ষতি ও আহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।