রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত ইবাদুর রহমান কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লা গ্রামের লুৎফুর রহমানের ছেলে। তিনি রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকায় বসবাস করেন।
আহতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার কনস্টেবল তুহিন বলেন, “রাত ৮টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণ হলে ইবাদুর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাত ৮টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, “আহত অটোরিকশাচালককে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।”
বিস্ফোরণের ঘটনায় ইবাদুর কীভাবে আহত হয়েছেন এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।