Advertisement Banner

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা
হিজবুল্লাহর রকেট হামলার পর লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ নিতে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

স্থানীয় সময় আজ সোমবার লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে। খবর আল-জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে।

বিবৃতিতে আরও বলা হয়, “হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।”

আল-জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে (দাহিয়েহ) বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ।

বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও বিস্তৃত করে তুলতে পারে।

বিবিসি বলছে, হিজবুল্লাহ রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি শিয়া মুসলিম সংগঠন, যেটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে। এটিকে ১৯৮০-এর দশকের গোড়ার দিকে ইসরায়েলের বিরোধিতা করার জন্য এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া শক্তি ইরান প্রতিষ্ঠিত করেছিল।

সম্পর্কিত