বাংলাদেশের রাজনৈতিক অর্থায়ন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তরুণদের সম্পৃক্ত করতে সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ (টিবিডি) এবং ভয়েসেস ফর ইন্টারেক্টিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস)।
যৌথ প্রকল্প “জয়ী : জয়েনিং ইউথ ইন ইফেক্টিভ এনগেজমেন্ট ইন রিফর্ম এজেন্ডাস ইন বাংলাদেশ”-এর অংশ হিসেবে পরিচালিত এই প্রশিক্ষণে ৩০ বছরের কম বয়সী শিক্ষার্থী, তরুণ সক্রিয়কর্মী, গবেষক ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের রাজনৈতিক অর্থায়ন পর্যবেক্ষণ এবং গণতান্ত্রিক জবাবদিহিতা বৃদ্ধির প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদানের লক্ষ্যে পরিকল্পিত হয়েছিল। সেশনগুলোতে রাজনৈতিক অর্থায়ন সংক্রান্ত আইনি কাঠামো, তথ্য প্রকাশ ব্যবস্থা, মুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ এবং নাগরিক অংশগ্রহণের নীতিমালা আলোচিত হয়েছে। ব্যবহারিক অনুশীলন এবং বাস্তব ঘটনাভিত্তিক আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা শিখিত দক্ষতা তাৎক্ষণিকভাবে প্রয়োগ করার সুযোগ পেয়েছেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন- রেজওয়ান খায়ের ফাহিম, মেহেরবা সাবরিন ও আকিব মোহাম্মদ শাতিল।
রেজওয়ান খায়ের ফাহিম বলেন, “এই প্রশিক্ষণ কর্মসূচি সচেতন তরুণদের একটি দল তৈরি করছে যারা বাংলাদেশে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীদের ব্যতিক্রমী প্রতিশ্রুতি সারাদেশে রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা বৃদ্ধিতে অবদান রাখবে।”
দ্য বাংলাদেশ ডায়ালগ এবং ভয়েস আশা করছে, এই তরুণ নাগরিক কর্মীরা সাংবাদিকতা, গবেষণা এবং রাজনৈতিক অঙ্গনে তাদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে অবদান রাখবেন।