পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। তিন বছর মেয়াদি এই বন্ড থেকে সংগৃহীত অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন ও শিল্প খাতে জ্বালানি-দক্ষতা বৃদ্ধির প্রকল্পে ব্যয় করা হবে।
আজ রোববার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য গ্রিন বন্ড অর্থায়ন নীতিমালা’ অনুসরণ করে ইস্যু হতে যাওয়া এটি দেশের প্রথম গ্রিন বন্ড। বন্ডটি ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের (আইসিএমএ) গ্রিন বন্ডের মূলনীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বন্ডের কাঠামো সম্পর্কে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস একটি ‘সেকেন্ড-পার্টি ওপিনিয়ন’ দিয়েছে।
বন্ডটির অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা। এটি করপোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রযোজ্য বিধিবিধান ও বিনিয়োগ-সংক্রান্ত শর্ত পূরণ সাপেক্ষে কোম্পানির প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডও এতে বিনিয়োগ করা যাবে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই গ্রিন বন্ড ব্র্যাক ব্যাংকের টেকসই অর্থায়নের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশের পুঁজিবাজারের আরও বিকাশে এটি অর্থবহ ভূমিকা রাখবে। নির্ধারিত পরিবেশবান্ধব প্রকল্পের জন্য বিশেষভাবে মূলধন সংগ্রহের মাধ্যমে আমরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানি, আরও পরিবেশবান্ধব ভবন এবং শিল্পকারখানায় জ্বালানির দক্ষ ব্যবহার বাড়ানোর উদ্যোগে অর্থায়ন পেতে সহায়তা করতে চাই।”
বন্ড থেকে সংগৃহীত অর্থ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) চারটি লক্ষ্য অর্জনে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এগুলো হলো সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, শিল্প-উদ্ভাবন ও অবকাঠামো, টেকসই নগর ও জনবসতি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা।
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি বন্ডটির ট্রাস্টি এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।