সৌদি আরবে হুতিদের নতুন করে হামলা এবং জাহাজে ইরানি হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর মধ্যে সৌদির তেল পাইপলাইন বন্ধ থাকায় আজ সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ২১ ডলার বা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৮২ ডলারে উঠেছে। আজ স্থানীয় সময় সাড়ে ৩টা পর্যন্ত এই দাম ছিল। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩ দশমিক ১৭ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ২২ ডলারে লেনদেন হয়েছে।
গত শুক্রবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদ ও মদিনা অঞ্চলে অবস্থিত পূর্ব-পশ্চিম পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটে। ড্রোনগুলো ইরাক থেকে উড়ে এসেছিল বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। সম্ভাব্য ঝুঁকি এড়াতে হামলার পর পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানান সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের জন্য পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়েছে। আবকাইক থেকে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত এই পাইপলাইন হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়। ইরানের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব এই পাইপলাইনের ওপর নির্ভরতা আরও বাড়িয়েছে।