রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট এলাকায় প্রাইভেট কারের চাপায় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে বৃদ্ধের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত ইমরানকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. লিজন জানান, ৩০০ ফিটের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
লিজন আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহত ইমরান মগবাজার এলাকায় একটি টেইলার্সে কারিগর হিসেবে কাজ করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।