Advertisement Banner

তেল সরবরাহ না পেলে বন্ধের হুঁশিয়ারি রাজশাহীর পাম্প মালিকদের

তেল সরবরাহ না পেলে বন্ধের হুঁশিয়ারি রাজশাহীর পাম্প মালিকদের
রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলড়ি মালিক সমিতির সংবাদ সম্মেলনে। ছবি: চরচা

রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হলে আগামী সোমবার থেকে তেল উত্তোলন বন্ধের আল্টিমেটাম দিয়েছে রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলড়ি মালিক সমিতি। আজ শনিবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন।

সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমান শিমুল বলেন, বর্তমানে একদিকে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি রয়েছে, অন্যদিকে পেট্রোল পাম্পগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যাপ্ত তেল সরবরাহ না হলে তেল উত্তোলন বন্ধ করা ছাড়া কোনো বিকল্প থাকবে না।

আনিসুর রহমান শিমুল আরও জানান, বর্তমানে পাম্পগুলোতে যে পরিমাণ তেল মজুত রয়েছে তা দিয়ে সর্বোচ্চ আগামী রোববার পর্যন্ত সরবরাহ চালু রাখা সম্ভব হবে। একই সঙ্গে বিষয়টি জানিয়ে রোববার রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে।

তিনি বলেন, খুলনা হয়ে বাঘাবাড়ি ডিপোতে যে পরিমাণ তেল আসার কথা তার তুলনায় অনেক কম সরবরাহ পাওয়া যাচ্ছে। যেখানে শতকরা ৭৫ শতাংশ তেল সরবরাহের কথা বলা হলেও বাস্তবে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ঘাটতি দেখা যাচ্ছে।

রোববারের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধান না হলে জেলার ৫০টি পেট্রোল পাম্প ও ১০টি এজেন্সি একযোগে তেল উত্তোলন বন্ধ রাখবে বলেও জানানো হয় সম্মেলনে।

সম্পর্কিত