Advertisement Banner

ঈদের আগে ৭ ও পরে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে পাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ঈদের আগে ৭ ও পরে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে পাম্প
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস

ঈদুল ফিতর সামনে রেখে তেলের পাম্পগুলো ঈদের আগে সাত দিন এবং পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ শনিবার রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল পর্যবেক্ষণ শেষে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, “আমরা দেখলাম নির্দিষ্ট টাইমে বাসগুলো গন্তব্যের দিকে ছেড়ে চাচ্ছে; ভাড়াও নির্ধারিত হারে নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। সিডিউল মেনটেন করে বাসগুলো চলছে।”

তিনি আরও বলেন, “আমি বলেছিলাম যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকে কার্যকর হতে যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়; ভাড়া বাড়ানো না হয় অগ্রিম টিকিট যাতে ফেরত না হয় সে ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল।”

রবিউল আলম বলেন, “আমি যতটুকু সর্বশেষ জেনেছি সেটা কার্যকর হচ্ছে এবং কার্যকর আছে। তেলের কারণে বাসের অগ্রিম টিকেট ফেরত দেওয়ার একটা চেষ্টা রীতিমত হয়েছিল যারা সংকটকে কেন্দ্র করে সেটা করতে চেয়েছিলেন আমরা সেটা করতে দেইনি।”

তিনি আরও বলেন, “যে সমস্ত পাম্প আছে মহাসড়কে সেই সমস্ত পাম্প আগামী ঈদের আগে সাত দিন ঈদের পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সেটা আমরা নিশ্চিত করেছি ।”

পাম্পে তেলের রেশনিং থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, “আশা করছি আপনারা আজকে রাত্রে সুসংবাদ পাবেন।”

তিনি আরও বলেন, “ঈদ উপলক্ষে ভাড়া বাড়ানো অথবা অতিরিক্ত কোন কিছু চাপিয়ে দেওয়ার কোন সুযোগ কারো থাকছে না। আমরা এটা কঠোরভাবে মনিটরিং করছি।”

সম্পর্কিত