রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করেছে সরকার।
আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসংক্রান্ত চিঠিটি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ব্যাংক কোম্পানি আইন ও পর্ষদের চুক্তি অনুযায়ী বাকি মেয়াদ বাতিলের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়।
এর আগে একই বিভাগে জারি করা পৃথক চিঠিতে জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সম্মতি ও সুপারিশের কথা সংশ্লিষ্ট ব্যাংক দুটির চেয়ারম্যানদের জানানো হয়েছিল।
তবে জারি করা এসব চিঠির কোনোটিতেই এই তিন শীর্ষ কর্মকর্তার নিয়োগের মেয়াদ মেয়াদপূর্তির আগেই বাতিল করার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এই তিনজন অন্তর্বর্তী সরকারের সময় এমডি পদে নিয়োগ পান।