পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান চালিয়ে ডিজে পার্টি এবং মাদক সেবনের অভিযোগে ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশ হাউজিং-১ এলাকায় ওই বাড়িতে ডিবি উত্তরা জোনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।
ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ওই ডিআইজি পুলিশ সদর দপ্তরে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন।
এ ঘটনার পর় আজ মঙ্গলবার বিকেলে আল জহিরকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পদ থেকে সরানো হয়েছে। তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছে, ওই বাড়ি থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন বলেও জানান ডিবি কর্মকর্তারা।
অভিযানের বিষয়ে শফিকুল ইসলাম চরচাকে বলেন, “বাড়ির মালিক অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। যারা ভাড়া নিয়েছিলেন, তারা বাড়িটি মাদক কারবারি এবং মাদকের ব্যবসা কাজে ব্যবহার করতেন। আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
শফিকুল ইসলাম আরও বলেন, “ডিবির সাথে থাকা ম্যাজিস্ট্রেট আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এর মধ্যে পুরুষদের এক হাজার টাকা করে জরিমানা ও এক মাসের জেল এবং নারীদের ৫০০ টাকা করে জরিমানা ও ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।”