Advertisement Banner

সূত্রাপুর থানার ওসি পরিবর্তনের দাবিতে ইসিতে ইশরাক

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সূত্রাপুর থানার ওসি পরিবর্তনের দাবিতে ইসিতে ইশরাক
ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। ছবি: ফেসবুক

পক্ষপাতমূলক আচরণ অভিযোগে সূত্রাপুর থানার ওসিকে সরিয়ে দিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।

আজ শনিবার ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে নির্বাচন ভবনে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইশরাক।

আবেদনে ইশরাক বলেন, “ঢাকা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মো. আব্দুল মান্নানের কর্মী-সমর্থক ও জামায়াত ইসলামের অফিস হিসাবে ৭৩নং ভোটকেন্দ্র কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজে গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারি যে, উক্ত ভোট কেন্দ্রটিতে জামায়াত প্রার্থী কর্মী-সমর্থকদের মাধ্যমে বিপুল পরিমাণে নকল ব্যালট, পেপার সিল এবং দেশীয় চাপাতি, রামদা, ক্রিকেট স্ট্যাম্প, হকি স্টিক, জিআই পাইপ ও আগ্নেয়াস্ত্র মজুদ করেছে।”

ওই বিষয়ে সূত্রাপুর থানার ওসি সাহেবকে অবহিত করলে তিনি সরেজমিনে গিয়ে ওই অস্ত্র জব্দ না করে তা সরিয়ে ফেলতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেছেন ইশরাক।

এই বিএনপি প্রার্থী জানান, বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সকে জানালে আনুমানিক চার ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ভোটকেন্দ্রের বিভিন্ন রুম তল্লাশি করে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেন।

আবেদনে উল্লেখ করা হয়, “প্রতীয়মান হয় যে সূত্রাপুর থানার ওসি জামায়াত সমর্থিত। এই অবস্থায় পক্ষপাতদুষ্ট আচরণে নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা তৈরি হয়।”

এজন্য নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে ওই ওসি পরিবর্তনের দাবি জানানো হয়েছে আবেদনে।

সম্পর্কিত