জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।
আজ শুক্রবার বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এয়ার কমডোর নিয়ামুল কবীর এক অফিস আদেশে এ তথ্য জানান। খবর বাসসের।
অফিস আদেশে জানানো হয়, কমিটিকে চার কর্মদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের নারিতা-ঢাকা ফ্লাইটের যাত্রা শুরুর আগে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিজি-৩৭৭-এ ত্রুটি দেখা দেয়।
অফিস আদেশে বলা হয়, বিমানের পরিকল্পনা ও সময়সূচি বিভাগের প্রধান কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। আইনবিষয়ক ব্যবস্থাপক সদস্যসচিব থাকবেন। কমিটির অন্য দুই সদস্য হলেন প্রকৌশল উৎপাদন বিভাগের প্রধান প্রকৌশলী এবং ফ্লাইট নিরাপত্তা বিভাগের উপপ্রধান।
কমিটি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন নির্ধারণ করবে। একই সঙ্গে ত্রুটি শনাক্ত ও সমাধানে গৃহীত কারিগরি ও পরিচালনাগত পদক্ষেপ এবং পরবর্তী সময়ে উড়োজাহাজটির উড্ডয়নযোগ্যতা নিশ্চিত করার বিষয়গুলো পর্যালোচনা করবে।
এ ছাড়া এ ঘটনার ফলে ফ্লাইটের বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক সুনামের ওপর প্রভাব মূল্যায়ন করবে কমিটি।
তদন্তকারীদের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়েছে, যাতে কোনো পর্যায়ে অবহেলা, সমন্বয়ের ঘাটতি কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ঘটেছে কি না, তা নির্ধারণ এবং জবাবদিহি নিশ্চিত করা যায়।
আদেশে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে কমিটি। প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে।