গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। খবর বার্তা সংস্থা ইউএনবির।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “আজ শনিবার বেলা ১১টার দিকে পশ্চিম শৈলডুবি এলাকায় কার্টনের গুদামটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, “কাশিমপুর এলাকায় পানির সংকট আগুন নেভানোর অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে সমস্যায় পড়েছে।”
আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা তুলে ধরে সাইদুল আলম চৌধুরী বলেন, “বাতাসের কারণে ধোঁয়া ছড়িয়ে পড়েছে, যা আগুনের বিস্তারেও ভূমিকা রেখেছে। আশপাশে অনেক শিল্পপ্রতিষ্ঠান থাকলেও সেগুলোতে পর্যাপ্ত পানির সরবরাহ নেই। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।”