ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব নারী সংগঠন যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম ডালিয়া আক্তার সুমা (৫০)।
শুক্রবার সকালে রসুলপুর বাজার এলাকায় সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার নিজ ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
নিহত সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে। তিনি যুব মহিলা লীগের দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ছাড়া, চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষিক ছিলেন তিনি।
স্থানীয়রা জানায়, স্বামী মোহাম্মদ আলীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তিনি। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই এই ফ্ল্যাটে বসবাস করতেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, সিআইডির ক্রাইম সেলের সদস্যরা শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
তিনি আরও জানান, সুমার মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।