সৌদি আরবের রিয়াদ ও দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় ফ্লাইট পরিচালনাগত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী ১৪১টি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪১টি ফ্লাইটের মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট ও ৭৫টি ট্রানজিট ফ্লাইট। এতে ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি ফ্লাইট। এরপর রয়েছে সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট।
ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিঘ্ন ঘটেছে ইন্ডিগো এয়ারলাইনসের। তাদের ২৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৭টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।