গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তবে আগুন পুরোপুরি নেভাতে আগামীকাল পর্যন্ত সময় লাগবে বলে উল্লেখ করেন তিনি।
আজ সকাল ১০টা ১৫ থেকে ১০টা ২০ মিনিটের দিকে কারখানাটির চারতলা ভবনের চারতলায় অবস্থিত কেমিক্যাল গোডাউনে (কাঁচামালের গুদাম) এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কাঁচামালের গুদাম ও সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন।
ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের জানান, কারখানা কর্তৃপক্ষের সহায়তায় ভেতরের সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন পুরোপুরি নেভানোর পর বিষয়টি নিশ্চিত করা যাবে।
এই কর্মকর্তা আরও বলেন, “কারখানার ভেতরে থাকা ওষুধ তৈরির রাসায়নিক ও দাহ্য পদার্থের কারণে ধোঁয়ায় উদ্ধারকর্মীদের নিশ্বাস নিতে বেশ সমস্যা হচ্ছিল। ফলে তাদের ব্রিদিং অ্যাপারেটাস ব্যবহার করে কাজ করতে হয়েছে। এছাড়া, উদ্ধার অভিযানের সময় পানির সংকট দেখা দেয় এবং আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য অসুস্থ হয়ে পড়েন। আগুনের প্রকৃত কারণ জানতে বর্তমানে তদন্ত চলছে।”