দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে। অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তরে দুইজন এবং দক্ষিণ সিটি করপোরেশনে একজন মারা গেছে।
এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে ঢাকা বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ১০ হাজার ৩১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৪ হাজার ১৯৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।