গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ক্বরিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা শিক্ষক মোসলেম আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দার এ আদেশ দেন। পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক এ নির্দেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদনও নাকচ করেন আদালত।
ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। এতে মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
পরিবারের ভাষ্য, গত ১৯ অক্টোবর মাদ্রাসার নিচতলার সিঁড়িতে ঘটনাটি ঘটে। এরপর মেয়েটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরে পরিবারের সদস্যরা এ বিষয়ে জানতে চাইলে সে তাদের কাছে ঘটনার কথা জানায়।
গত ২১ অক্টোবর মেয়েটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের মুখোমুখি হন এবং ঘটনার ব্যাখ্যা চান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা শিক্ষককে মারধর করেন। ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে থানায় নিয়ে যায়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
এ মামলায় গত ২২ অক্টোবর ট্রাইব্যুনালের ম্যাজিস্ট্রেট মেয়েটির জবানবন্দিও রেকর্ড করেন।