ভারতের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের নেতৃত্ব দেবেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আগেই ধারণ করা একটা ভিডিওতে এই বার্তা দেন।
ভিডিওতে অভিজিৎ বলেছেন, “তিনি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক হলে শিন্ডে বিক্ষোভ চালিয়ে যাবেন।”
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গ্রেপ্তারের আশঙ্কায় আগের রাতে ভিডিও বার্তাটি ধারণ করেছিলেন দীপকে। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে সিজেপি।
যন্তর মন্তরে আজ সিজেপির পূর্ব ঘোষিত বিক্ষোভের আগে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজে ঢুকে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের আন্দোলনের জেরে দিল্লি এখন কার্যত অবরুদ্ধ। সেখানে ৩৫ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। চলছে ব্যাপক ধড়পাকড়।
দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এরই মধ্যে দিল্লিজুড়ে তিন হাজার ৩০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যন্তর মন্তর থেকে পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়।
আটক করা হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদদেরও। তাদের মধ্যে আছেন- কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) সাধারণ সম্পাদক এম এ বেবি, নেতা এমভি গোবিন্দন মাস্টার, এ বিজয়রাঘবন, কে কে শৈলজা, জন ব্রিটাস, কে এন বালাগোপাল, বৃন্দা কারাত।