দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েদেলা টাউনশিপে ওই হামলার ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এক্সে দেওয়া এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১৩ জন পুরুষ ও ৪ নারীকে মৃত ঘোষণা করা হয়। তবে হামলার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। হামলাকারীদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানা গেছে। গুলিতে আহত ১৫ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
পুলিশের ভাষ্য, সন্দেহভাজনরা প্রথমে বাইরে বসে পানীয় পান করা ক্রেতাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা পানশালার ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে।