ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন পাঁচজনের মৃত্যুতে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে।
নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, রাজশাহী বিভাগ ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫ হাজার ৩১৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ২০১ জন।