দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৯ শিশু।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৯২ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৯৬ শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ৬৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৫৪। এই সময়ে ১ হাজার ৩২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৪৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১২২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।