Advertisement Banner

রুশ জেনারেলের ওপর ফের গুলি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রুশ জেনারেলের ওপর ফের গুলি
লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেইভ। ছবি: রয়টার্স

রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেইভকে মস্কোতে গুলি করা হয়েছে। শুক্রবার উত্তর–পশ্চিম মস্কোর একটি আবাসিক ভবনের সামনে অজ্ঞাত একজন লোক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মস্কো প্রসিকিউটর অফিস। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আলেক্সেইভ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ–এর ডেপুটি প্রধান। তার বস ইগর কোস্তিউকভ বর্তমানে ইউক্রেন–রাশিয়ার আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা হত্যার শিকার হচ্ছেন। গত ১ বছরেই আলেক্সেইভের পর্যায়ের তিনজন লেফটেন্যান্ট জেনারেলকে মস্কোতে হত্যা করা হয়েছে। কখনো গাড়ির নিচে বোমা রাখা হয়েছে, আবার কখনো বাসার সামনে গুলি চালানো হয়েছে। তাই রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন উঠেছে।

রুশ কর্তৃপক্ষ এখনও জানায়নি কে এ হামলা করেছে। তবে অতীতের বেশ কিছু হামলার দায় ইউক্রেনের সামরিক গোয়েন্দারা স্বীকার করেছে, তাই ধারণা করা হচ্ছে এ ঘটনার সঙ্গেও ইউক্রেনের যোগ রয়েছে।

আলেক্সেইভ ওয়াগনার গ্রুপের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগের দায়িত্বেও ছিলেন। ২০২৩ সালে ওয়াগনার প্রধান প্রিগোঝিন বিদ্রোহ করলে তিনিই আলোচনায় পাঠানো শীর্ষ সামরিক কর্মকর্তাদের একজন ছিলেন।

আলেক্সেইভ সোভিয়েত ইউক্রেনে জন্মগ্রহণ করেছিলেন এবং সামরিক গোয়েন্দা সংস্থার অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত। তার ওপর হামলা রাশিয়ার নিরাপত্তা মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে ।

সম্পর্কিত