Advertisement Banner

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। ছবি: বাসস

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

রোববার দুদকের সহকারী পরিচালক সজল হোসেন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা ও বাড়ি কেনার অভিযোগের অনুসন্ধান চলছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, আজিজ আহমেদের সহযোগী তার ভাই আনিস আহমেদ অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে আদালত আবেদনটি মঞ্জুর করে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

সম্পর্কিত