দেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন ও বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে কার্যক্রম ও কন্টেন্টের পরিসর বাড়ানো, বৃহত্তর দর্শক-শ্রোতার সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের।
চুক্তির আওতায় আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়ালিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কন্টেন্ট ও ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
এ ছাড়া ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও গাছপালা পরিচর্যা নিয়ে তথ্যবহুল ও প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এর মাধ্যমে সৃজনশীলতার বিকাশ, নতুন প্রতিভা বিকশিত করা এবং বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে সহযোগিতার সুযোগও অনুসন্ধান করা হবে। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তিতে এনেক্স কমিউনিকেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই অংশীদারত্বের মাধ্যমে সৃজনশীল যোগাযোগ, আকর্ষণীয় কন্টেন্ট ও বড় পরিসরের আয়োজনের সমন্বয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দর্শক-শ্রোতার সঙ্গে আরও নিবিড় সংযোগ তৈরির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠান দুটির।